রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যাতে অন্যায়ভাবে কারাগারে আটক না থাকে, বর্তমান সরকার অবশ্যই সেটি নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য মানবাধিকার রক্ষা করা এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকা। তিনি স্পষ্ট করেন যে, বিরোধী দল বা অন্য যে কোনো দলের নেতাকর্মী হোক না কেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হবে না। সরকার এ বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার নেতাকর্মীরা এই পরিস্থিতির সবচেয়ে বড় ভিকটিম। তিনি আশা প্রকাশ করেন যে, অতীতে যে ফ্যাসিবাদী আমল ছিল, তা ভবিষ্যতে আর ফিরে আসবে না এবং প্রত্যেক মানুষের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী মামলাগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক মামলা হয়েছে এবং আইন মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়েছে যে তারা এই মামলাগুলো রিভিউ করবে। খুনি বা যারা গুম-খুনের নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে করা মামলাগুলো যেমন আইনানুগ, তেমনি অতি উৎসাহী হয়ে যারা মামলা করেছে, সেগুলোর সত্যতা যাচাই করা হবে। কোনো ভিত্তি না থাকলে সেই মামলাগুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, হিউম্যান রাইটস ওয়াচ সোমবার এক বিবৃতিতে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে দীর্ঘকাল আটক রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।





