সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিল সরকার

প্রকাশ:

স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব সরকারি অফিসের ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগের ফলে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

প্রতিমন্ত্রী জানান, এই কার্যক্রম কেবল কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না; বরং জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতেও ধাপে ধাপে তা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে একটি সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবা অবকাঠামোর দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে। সোলার প্যানেল স্থাপনে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের কথা বিবেচনা করা হচ্ছে, যাতে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যায় এবং রাতেও তা ব্যবহার করা সম্ভব হয়।

এই উদ্যোগে সরকারি অর্থায়নের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তার জন্য ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সরকারি ব্যয় সাশ্রয়ে গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

গত ১৭ আগস্ট গঠিত দুটি উচ্চপর্যায়ের কমিটি ইতোমধ্যে সোলার প্যানেল স্থাপনের উপযোগী ছাদ চিহ্নিত করে এর আয়তন, সম্ভাব্য ব্যয় ও চ্যালেঞ্জ পর্যালোচনা করেছে। এর আগে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করেছিল। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ এবং ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন