১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক

প্রকাশ:

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের এক সাক্ষাতে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, মো. কবির আহমাদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর মোস্তাকুর রহমান স্পষ্ট করে বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ না থাকার ঘোষণা দিলেও এ নিয়ে গ্রাহকদের মাঝে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। তাই ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে হবে যে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট কার্যকর হবে না।

গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলনের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের মুনাফা কর্তনের বা হেয়ারকাট সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর মুনাফা পাবেন না। গ্রাহকদের দীর্ঘদিনের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এই নিয়ম প্রত্যাহার করা হলো।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বর্তমানে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা আশা করছেন, ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্তের ফলে ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন