বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ১৩ জন জেলেসহ 'এফবি বরকত' নামে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারটি শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার দীর্ঘ সময় পর অন্য একটি ট্রলার ভাসমান অবস্থায় আটজন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনো পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য 'এফবি জহুরা খাতুন' নামে আরেকটি ট্রলারকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





