পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পার না হতেই তা বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সব ইউনিট কমিটি বাতিল এবং তাদের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
গত ১৭ আগস্ট মির্জাগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ে পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা ঘটে। ওইদিন উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ছয়টি ইউনিয়ন কমিটির অনুমোদন দিয়েছিলেন। একই দিনে সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেনসহ সাতজন নেতার স্বাক্ষরে আরও পাঁচটি ইউনিয়নের জন্য পাল্টাপাল্টি কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতির প্রেক্ষিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ সংশ্লিষ্ট ৯ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন।
পরবর্তীতে সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে সব ইউনিট কমিটি বাতিল ও কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাল্টাপাল্টি কমিটি গঠনের বিষয়টি জানার পর উভয় পক্ষকেই শোকজ করা হয়েছিল এবং সবশেষে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।





