ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত স্মারক, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্যবহৃত সেই ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘হেরিটেজ অকশনস’-এ ২৫ লাখ পাউন্ড মূল্যে এটি বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকার সমান।
কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনা সেই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত ব্যবহার করে গোলটি করেছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেছিলেন, গোলটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’ একই ম্যাচে তিনি মাঝমাঠ থেকে পাঁচ ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছিলেন, যা পরে ফিফার ভোটে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়।
নিলামকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজাবে রয়টার্সকে জানান, এটি ফুটবলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক। নিলামে বলটির দাম ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে আশা করা হলেও শেষ পর্যন্ত তা ২৫ লাখ পাউন্ডে চূড়ান্ত হয়।
ঐতিহাসিক এই অ্যাডিডাস আজতেকা ব্র্যান্ডের বলটি ম্যাচ শেষে তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের নিজের কাছে রেখে দিয়েছিলেন। তিন দশকেরও বেশি সময় সংরক্ষণের পর ২০২২ সালে তিনি এটি প্রথমবার নিলামে তোলেন, তখন এটি ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে বলটি পুনরায় নিলামে তোলা হলেও পর্যাপ্ত দর না ওঠায় তা বিক্রি হয়নি। উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ২০২২ সালে ৭১ লাখ পাউন্ড বা ১১৪ কোটি ৬৪ লাখ টাকায় বিক্রি হয়েছিল।





