আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২২ আগস্ট সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলঙ্কারের এ নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের ভ্যাটসহ গুণতে হবে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায় বিক্রি হবে।
সংস্থাটি আরও জানায়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই নির্ধারিত দাম বলবৎ থাকবে। গহনার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের থেকে বাড়তি কোনো ভ্যাট আদায় করা যাবে না। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৪ বার দাম বাড়ানো এবং ৫১ বার কমানো হয়েছে। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।





