ঢাকা মেডিকেল পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী, ক্যাম্পাসে সাজ সাজ রব

প্রকাশ:

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং চলছে নানা প্রস্তুতি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নতুন দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একটি আলোচনা সভায়ও যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একে একটি মিলনমেলার সঙ্গে তুলনা করছেন। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা মনে করেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি নানা সংকটের মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর উপস্থিতি শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ বিষয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ঢাকা মেডিকেলের অবদান অবিস্মরণীয়। এছাড়া ডা. বেলাল হোসেন নাজিম প্রধানমন্ত্রীর কর্মস্পৃহাকে অনুপ্রাণিত করার মতো বলে উল্লেখ করেন। প্রাক্তন ছাত্রনেতা ডা. মো. মাহমুদুর রহমান নোমান ও ডা. বাদশাও প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে এটিকে প্রতিষ্ঠানের উন্নয়ন ও গবেষণায় নতুন গতির সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান জানান, নিজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার সুযোগে তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন। ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত এই সরকারি মেডিকেল কলেজ বর্তমানে দেশের অন্যতম শীর্ষ চিকিৎসাবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত, যেখানে এমবিবিএসসহ বিভিন্ন উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়।

শেয়ার করুন