পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর ময়লার ভাগাড়ের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার গভীর রাতে কোনাক্রির গবেসিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় রাত ২টার দিকে বর্জ্যের বিশাল স্তূপটি হঠাৎ ধসে পড়লে এর নিচে চাপা পড়ে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘরগুলো।
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। খননযন্ত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। সাইরে দিয়ালো নামে এক নারী তার পাঁচ সন্তানকে এই দুর্ঘটনায় হারিয়েছেন। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি জানান, তার সব সন্তানই বর্জ্যের স্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে।
গিনি সরকার এই ভয়াবহ দুর্ঘটনার কয়েক দিন আগেই ভাগাড়টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্জ্য অপসারণের কাজ শুরু হওয়ার আগেই ভারী বৃষ্টির মধ্যে এই ধসের ঘটনা ঘটল।
গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উদ্ধারকাজ তদারক করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও দুর্বল অবকাঠামোর শহরগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।





