নির্ধারিত মূল্যে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি বিএফএ-এর

প্রকাশ:

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। শনিবার (২২ আগস্ট) বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। বাসসের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ডিলারদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়া, সার উত্তোলন করা এবং গুদামে মজুত নিশ্চিত করতে হবে। এ ছাড়া, উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা প্রদান করা এবং বিক্রয় রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে নিয়মিত তদারকি করার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএফএ সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো ডিলার এই নীতিমালা লঙ্ঘন করেন, তবে তার ডিলারশিপ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কুচক্রী মহল যাতে অতিরিক্ত দামে সার বিক্রি করে সেই দায়ভার ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া, স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএফএ।

শেয়ার করুন