দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করবে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনের পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথবাক্য পাঠ করেন মির্জা ফখরুল। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শনিবার জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।





