ভারত সরে দাঁড়ানোয় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ

প্রকাশ:

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে অংশগ্রহণের এই সুযোগটি পেয়েছে বাংলাদেশ। বাফুফে এই টুর্নামেন্টে খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করার পর ফিফার পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। শনিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতের নাম প্রত্যাহারের কারণ হিসেবে জানা গেছে, আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে তাদের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে পূর্ণ মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তারা আসিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছে। ভারতের জায়গায় সুযোগ পাওয়া বাংলাদেশ টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হলো স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।

আসিয়ান কাপে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসনসহ যাবতীয় খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া অংশগ্রহণের জন্য দলগুলো অর্থও পাবে। ফলে বাফুফের ওপর এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাড়তি কোনো আর্থিক চাপ থাকবে না। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় এই ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন