দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান জনগণের ভোটে হাল ধরেছেন: মঈন খান

প্রকাশ:

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে দেশের হাল ধরেছেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পর বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। ড. মঈন খান আরও বলেন, প্রধানমন্ত্রী ছয় মাস আগে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, তা বিশ্বব্যাপী একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় তিনি মন্ত্রিসভায় নতুন সদস্যদের সংযোজন করেছেন। বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল থেকে তিনি দেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করতে এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করছেন। তিনি বর্তমান সময়কে দেশের দ্বিতীয় ক্রান্তিকাল হিসেবে অভিহিত করেন।

বিএনপির গণতন্ত্রের পথে ফেরার প্রচেষ্টার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীতে যখন স্বাধীনতার উপযুক্ত সময় এসেছিল, তখন স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করা রাজনৈতিক দল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পরিক্রমা বারবার ব্যাহত হয়েছে এবং বিএনপি তা পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।

এসময় নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীসহ মন্ত্রিসভার অন্যান্য নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন