মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী নাটালি হার্পকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। জানা গেছে, হোয়াইট হাউসে এক বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করলেও তিনি নিরাপত্তা ছাড়পত্র নিতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে অবগত দুজন ব্যক্তি এমএস নাওকে জানিয়েছেন, ৩৫ বছর বয়সী হার্প কেন ওয়েস্ট উইংয়ের অন্যান্য কর্মীদের মতো নিয়মিত নিরাপত্তা ছাড়পত্রের প্রক্রিয়া সম্পন্ন করেননি, তা এখনো অস্পষ্ট।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হার্পকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য কয়েক দফা সময় দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপের পরই তিনি নথি জমা দেন। উল্লেখ্য, 'এসএফ-৮৬' নামে পরিচিত এই ফরমে আবেদনকারীকে তার আর্থিক ইতিহাস, আগের বসবাসের ঠিকানা এবং বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগের মতো সংবেদনশীল তথ্য প্রদান করতে হয়।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রথম বছরে হার্পের নিরাপত্তা নিয়ে সিক্রেট সার্ভিস ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে হোয়াইট হাউস এসব উদ্বেগ নাকচ করে দিয়ে দাবি করেছে, নাটালির এখন প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র রয়েছে। বিদায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এমএস নাওকে বলেন, 'অন্য সবার মতো নাটালি হার্পেরও নিরাপত্তা ছাড়পত্র রয়েছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দলের একজন বিশ্বস্ত ও পরিশ্রমী সদস্য।' তবে একটি সূত্র দাবি করেছে, কর্মকর্তারা নাটালির সঙ্গে প্রেসিডেন্টের সার্বক্ষণিক যোগাযোগ সীমিত করার জন্য সূক্ষ্ম কিছু পদক্ষেপ নিয়েছিলেন, যদিও তিনি অত্যন্ত জেদি হওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ডানপন্থী ওয়ান আমেরিকা টেলিভিশন চ্যানেলের সাবেক উপস্থাপক নাটালি গত কয়েক মাসে ব্যাপক মনোযোগ কেড়েছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নাটালি ট্রাম্পকে একাধিক আবেগঘন চিঠি লিখেছিলেন। তাঁর ভাই নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে 'খুবই অস্বাস্থ্যকর' বলে বর্ণনা করেছেন, যদিও তাদের মধ্যে বর্তমানে কোনো যোগাযোগ নেই। সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যানের মতে, নাটালি ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে একজন প্রভাবশালী 'গেটকিপার' হিসেবে কাজ করেন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে থেকেও তথ্য প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন। হাড়ের ক্যানসার থেকে সেরে ওঠা নাটালি বর্তমানে প্রেসিডেন্টের অত্যন্ত কাছের মানুষ হিসেবে বিবেচিত, যার প্রমাণ পাওয়া গেছে তুরস্ক থেকে ফেরার সময় সামরিক বিমানে ট্রাম্পের সঙ্গে তাঁর উপস্থিতিতে।
সম্প্রতি জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন অসফ আটলান্টায় এক সমাবেশে ট্রাম্পের কাজের ধরন নিয়ে মন্তব্য করতে গিয়ে নাটালির বিষয়ে ইঙ্গিত করেন। এর পরিপ্রেক্ষিতে রক্ষণশীল মহলে সমালোচনার ঝড় ওঠে। সিএনএনের ভাষ্যকার স্কট জেনিংসসহ অনেকে অসফের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, নাটালি একজন বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ। হোয়াইট হাউসও তাদের এই কর্মকর্তার পক্ষে অবস্থান নিয়ে এক মুখপাত্রের মাধ্যমে জানিয়েছে, 'ন্যাটালি হার্প হোয়াইট হাউসের একজন অত্যন্ত প্রিয় কর্মকর্তা। ভুয়া খবর প্রচারকারী সংবাদমাধ্যম কখনো বুঝতে পারবে না, তাঁর মতো বিশ্বস্ত ও প্রশংসিত হওয়া কেমন।'





