নাইজেরিয়ায় নৌকাডুবে ৫০ জনের মৃত্যু, বেশিরভাগই শিশু

প্রকাশ:

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশের গোরোনি এলাকার গোরাউয়ের কাছে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু। নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বৃহস্পতিবার (২০ আগস্ট) বিবিসিকে জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী দুর্গম এই এলাকায় পৌঁছানোর জন্য চেষ্টা চালাচ্ছে, তবে ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নৌকায় থাকা যাত্রীদের মধ্যে ধান কাটার কাজে নিয়োজিত কৃষক ও শ্রমিকদের পাশাপাশি অনেক শিশুও ছিল। ওই প্রত্যক্ষদর্শী প্রায় ৫০টি লাশ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে প্রায় ৪০টিই শিশুর, যাদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। অনেক লাশ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল দাফনের প্রস্তুতির জন্য।

নাইজেরিয়ায় নদীপথ গ্রামীণ যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। সড়কের দুরবস্থা ও সেতুর অভাবে মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকার ওপর নির্ভরতা বেশি। তবে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে উদাসীনতার কারণে দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। গত মাসেও জিগাওয়া প্রদেশে নৌকা উল্টে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে। কর্তৃপক্ষ নিয়মিতভাবে লাইফ জ্যাকেট সরবরাহ, ঘাট ও টার্মিনালে নিরাপত্তা নিশ্চিত করা এবং চালকদের প্রশিক্ষণের সুপারিশ করলেও তার অনেকগুলোই এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

শেয়ার করুন