নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন

প্রকাশ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই পৃথক বার্তার মাধ্যমে তারা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১৫ মিনিট পর ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এর ঠিক ১৫ মিনিট পর ব্রিটিশ হাইকমিশনও একইভাবে অভিনন্দন বার্তা প্রকাশ করে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলে। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

চীনা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টার মাধ্যমে 'অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি' গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত দেশটি। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।

অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।

শেয়ার করুন