দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।
বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন আক্রান্তদের নিয়ে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ২৪ হাজার ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ১৩৩ জন, রাজশাহীতে ৯২ জন, চট্টগ্রামে ৮৩ জন, বরিশালে ৭০ জন এবং ময়মনসিংহে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে, মে মাসে একজন, জুন মাসে ১৩ জন, জুলাই মাসে ৩৬ জন এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।





