বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অচলাবস্থা, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা ও জনজীবনের বহুমুখী সঙ্কটের পটভূমিতে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দেশের শাসনভার গ্রহণ করে এই সরকার। ১৭১তম দিন পার করে ১৬ আগস্টে এসে সরকার তার ১৮০ দিন বা প্রথম ছয় মাস পূর্ণ করেছে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো নতুন সরকারের প্রথম ছয় মাস মূলত নীতি নির্ধারণ, প্রাথমিক স্থিতিশীলতা আনয়ন এবং রাষ্ট্রযন্ত্রের গতিপথ ঠিক করার সময় হিসেবে বিবেচিত হয়। সরকার নিজেও দায়িত্ব গ্রহণের সূচনালগ্নে প্রথম ১৮০ দিনকে তাদের কর্মদক্ষতা ও প্রাথমিক সাফল্য মূল্যায়নের সময়সীমা হিসেবে ঘোষণা করে। অর্থনৈতিক সঙ্কট নিরসন, মূল্যস্ফীতি কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যাংক খাতের সংস্কার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার যে বিশাল রূপরেখা দেয়া হয়েছিল ছয় মাস শেষে তা কতটুকু বাস্তবে রূপ নিয়েছে, আর কতটুকু কাগজের প্রতিশ্রুতিতে আটকে আছে, তা নিয়ে এখন সার্বিক হিসাব-নিকাশের সময় এসেছে।
সরকারের সমর্থক ও নীতিনির্ধারকদের দাবি- অর্থনৈতিক ধস ঠেকানো, রিজার্ভ পুনর্গঠন, সামাজিক সুরক্ষা জোরদার এবং প্রশাসনে নতুন গতি আনার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। পক্ষান্তরে, রাজনৈতিক বিশ্লেষক, বিরোধী শিবির এবং সাধারণ মানুষের একটি বড় অংশের মতে-বাজারমূল্য, বিদ্যুৎ-গ্যাস সঙ্কট, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের চিত্র এখনো প্রত্যাশার চেয়ে অনেক দূরে। ১৮০ দিনের এই যাত্রায় অর্জনের আলো কতটুকু উজ্জ্বল এবং ব্যর্থতার ছায়া কতটা গভীর তার একটি বিস্তারিত ও পর্যালোচনা এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।





