গ্যাস-বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকার গ্যাসের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। কারিগরি ত্রুটিগুলো এরই মধ্যে কমানো হয়েছে এবং দ্রুতই দেশবাসী বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবে বলে তিনি আশ্বস্ত করেন। এ সময় কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, তারা হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি এসব সমস্যা সমাধানে বিরোধীদলকে আগামী তিন মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।

দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হয়, আর তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব। এ সময় তিনি বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম শুরু হবে। এছাড়া দেশের সব ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন