জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাই রাষ্ট্রের শক্তি: প্রধানমন্ত্রী

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলেই রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। প্রকৃত উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে তিনি বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে যেমন মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

বিদেশি বিনিয়োগের গুরুত্ব স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগ চায় এবং সেটি অবশ্যই আসবে। তবে এর পাশাপাশি দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা। সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে পাটকলগুলোর দায়িত্ব নেওয়া দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন বিনিয়োগে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা। এছাড়া বিজেএমসি ও লিজ গ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন