এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

প্রকাশ:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থিতিশীল রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলারে অবস্থান করছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।

এর আগে সোমবার তেলের বাজারে হঠাৎ করেই বড় ধরনের উল্লম্ফন দেখা দেয়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এই মূল্যবৃদ্ধির ফলে ৩১ জুলাইয়ের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মূলত ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাই তেলের দাম বাড়ার প্রধান কারণ। শান্তি চুক্তির শর্তের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের কারণে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার পথ সংকুচিত হয়েছে। এর ফলে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন