নারীদের ‘আশীর্বাদ’ করা কথিত সাধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক

প্রকাশ:

ভারতের এক কথিত সাধুর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইনস্টাগ্রামের ‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নিজের এবং নারী ভক্তদের মুখ কাপড়ে ঢেকে এক বিশেষ ধর্মীয় আচার পালন করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তাকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

ভিডিওর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন যে, ধর্মীয় আচারের অন্তরালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করছেন। এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, কেন এই ধরনের আচরণ শুধুমাত্র নারী ভক্তদের ক্ষেত্রেই সীমাবদ্ধ এবং পুরুষ ভক্তদের ক্ষেত্রে এমনটা দেখা যায় না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, ওই সাধুর অনুসারীদের দাবি, এটি কোনো অনৈতিক কর্মকাণ্ড নয়। তাদের ভাষ্যমতে, এটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার দীক্ষা বা ‘গুরুমন্ত্র’ প্রদানের অংশ মাত্র।

ভারতে অতীতেও অলৌকিক ক্ষমতার দাবি করে প্রতারণার অভিযোগে অনেক ভণ্ড সাধুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। এর আগে রোগ সারানোর নামে নারীদের জোরপূর্বক চুম্বনের অভিযোগে আসামের এক কথিত সাধুকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তবে ‘লিপ কিস বাবা’র ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কিনা বা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন