বরিশালে ব্যবসায়ীকে নির্যাতন ও জোরপূর্বক চেক স্বাক্ষরের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশ:

বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ৫ জুলাই দুপুর ২টার দিকে নগরীর সদর রোডের টপ টেন নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ঘটনার সূত্রপাত গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের অভিযোগ, ওইদিন মোস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগীরা কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন। এসময় তারা ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর জোরপূর্বক আদায় করে নেন। ঘটনার পরপরই ভুক্তভোগী সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি অবহিত করায় ওই চেকের মাধ্যমে কোনো অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার আব্দুল আজিজ আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। পরবর্তীতে শনিবার রাতে ভুক্তভোগী ওই কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান লিটু দাবি করেছেন, ঘটনার দিন কার্যালয়ে উপস্থিত সবাই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। তার পাল্টা অভিযোগ, আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরিচালকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে জেলা ও মহানগর যুবদলের নেতারা এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, লিটু যুবদলের কোনো কমিটির সদস্য নন এবং দলীয় কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

শেয়ার করুন