জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, সংঘাতের শঙ্কা

প্রকাশ:

সিলেটের জৈন্তাপুর উপজেলার বাউরভাগ কাটাখাল গ্রামের হাজী সমছুর উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম পৈতৃক সম্পত্তি রক্ষায় সিলেটের সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৪৮/২৬। আদালত ওই বিরোধীয় জমির বিষয়ে শুনানি শেষে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোগদখল, ব্যবহার বা যেকোনো ধরনের পরিবর্তনের ওপর স্থগিতাদেশ জারি করেন।

তবে আদালতের এই সুনির্দিষ্ট নির্দেশনা উপেক্ষা করে একই উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের সাবেক ইউপি সদস্য ইসমাইল আলী ও তাঁর সহযোগীরা জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন।

বাদী ফখরুল ইসলাম তাঁর সম্পত্তি রক্ষা ও আইনি সুরক্ষার দাবিতে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, পুলিশ উভয় পক্ষকে জমিতে না যাওয়ার নির্দেশ দিলেও প্রতিপক্ষ ইসমাইল আলী তা মানেননি। উল্টো ইসমাইল আলী আইন অমান্য করে প্রকাশ্যে জমি চাষ চালিয়ে যাওয়ার পাশাপাশি বাদীকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ফখরুল ইসলাম।

অভিযোগের বিষয়ে বিবাদী ইসমাইল আলী আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ২০১৭ সালের একটি বায়নাপত্রের সূত্রে তিনি ওই জমির দখল পেয়েছেন এবং বর্তমানে আইনি প্রক্রিয়ায় রেজিস্ট্রি ও চূড়ান্ত দখল পেতে আগ্রহী।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আদালত থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ এখনো থানায় পৌঁছায়নি। তবে বাদীপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে বিরোধীয় জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন