রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে মোট ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন, উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন, গুলশান বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ বোতল ফেন্সিডিল। এছাড়া ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১০৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





