৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা দরে পাবেন ৩০ কেজি চাল

প্রকাশ:

বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১ আগস্ট থেকে খাদ্য মন্ত্রণালয় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী নাগরিক ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাচ্ছেন। একজন কার্ডধারী প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। এই সুবিধা আগস্ট ও নভেম্বর মাসসহ মোট ছয় মাস (মার্চ ও এপ্রিল মাসসহ) চলমান থাকবে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়নে বিশেষ করে নারী ও শিশুদের জন্য এই কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মাঝে পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া অন্য ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীকে সাধারণ চাল প্রদান করা হচ্ছে। পাশাপাশি সারা দেশে ১ হাজার ১০৮টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় খাদ্য মজুত বেশি রয়েছে এবং শস্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। ২ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশে মোট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান থেকে চালে রূপান্তর করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

শেয়ার করুন