বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির (লেভেল-১, সেমিস্টার-১) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রবিবার (০২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছাত্র বিষয়ক উপদেষ্টা ও কর্মসূচি কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের ইতিহাস সংবলিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিক্ষার্থীদের দক্ষ, নীতিবান ও মানবিক কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যদিকে, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ নবীনদের অভিনন্দন জানিয়ে মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্বমানের কৃষিবিদ হিসেবে গড়ে উঠে ডিজিটালাইজড ও স্মার্ট বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





