ক্ষমতাবানকে প্রশ্ন করাই সাংবাদিকের কাজ: কাদের গনি চৌধুরী

প্রকাশ:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার মূল কাজ। তিনি মনে করেন, এটি গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষা এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসস'র ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

কাদের গণি চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। তিনি বর্তমান গণমাধ্যমের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণমাধ্যম বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরি নানা সংকটে আবর্তিত। তিনি অভিযোগ করেন, অনেক দালাল সাংবাদিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে গুম-খুনের বিষয়ে প্রশ্ন না করে বরং তৈলমর্দন করতেন, যা সংবাদ সম্মেলনকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সভায় পরিণত করেছিল। শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার ও ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পেছনে এই দালাল সাংবাদিকদের বড় ভূমিকা ছিল বলে তিনি মন্তব্য করেন।

বিএফইউজে মহাসচিব আরও বলেন, গণমাধ্যমের উচিত সব সময় জনগণের পক্ষে থাকা, কিন্তু বর্তমানে জনগণের সঙ্গে গণমাধ্যমের একটি দূরত্ব তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, একটি আদর্শ গণমাধ্যমের কোনো দল, গোষ্ঠী, সরকার বা বিদেশি এজেন্সির কাছে দায়বদ্ধতা থাকে না; তাদের দায়বদ্ধতা থাকে কেবল দেশের জনগণের কাছে। তিনি সতর্ক করে বলেন, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানেই রাষ্ট্রের পরাজয়। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা চলবে না এবং স্বার্থনির্ভর সাংবাদিকতার পরিবর্তে সত্যনিষ্ঠ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতা চর্চার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন