ধামরাইয়ে খাল পুনঃখনন প্রকল্পে সাশ্রয়, সরকারি কোষাগারে ফিরল কোটি টাকা

প্রকাশ:

ঢাকার ধামরাইয়ে সরকারি অর্থ সাশ্রয়ের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। ধামরাই সদর ইউনিয়নের ইকুরিয়া খাল এবং কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও খাল—মোট ৪ দশমিক ১৬০ কিলোমিটার পুনঃখননের জন্য ২ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পর অব্যবহৃত ৯৩ লাখ ৫ হাজার ৬৩ টাকা এবং এর সঙ্গে ভ্যাটসহ মোট প্রায় ১ কোটি ৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রকল্পের এই সফল বাস্তবায়নের বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর যে অর্থ অব্যবহৃত ছিল, তা সরকারি বিধি অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই ছিল তাদের মূল লক্ষ্য।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, খাল দুটি পুনঃখননের ফলে এগুলোর পানি ধারণ ও প্রবাহ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্থানীয় কৃষিজমিতে সেচ সুবিধা সহজতর হবে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন দ্রুত হওয়ায় জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষকরাও এই উদ্যোগের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার ব্যাপারে নতুন আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, খাল দুটি সচল থাকলে সেচ সংকট দূর হওয়ার পাশাপাশি চাষাবাদের খরচ কমবে এবং বছরের বিভিন্ন মৌসুমে অধিক ফলন পাওয়া সম্ভব হবে, যা সামগ্রিকভাবে কৃষিভিত্তিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

শেয়ার করুন