নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও নিরাপদ করতে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা’। চলতি বছরের মার্চ মাসে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়। এর মাধ্যমে নারী শিক্ষার্থীরা এখন জরুরি প্রয়োজনে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।
ইতিমধ্যে দেশের সাতটি মাদ্রাসায় সফলভাবে এই ভেন্ডিং মেশিনগুলো স্থাপন করা হয়েছে, যার ফলে হাজারো শিক্ষার্থী এই সেবার আওতায় এসেছেন। মেশিন স্থাপনের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাস্থ্য সচেতনতামূলক সেশন পরিচালনা করা হচ্ছে। এসব সেশনে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বজায় রাখার উপায় এবং পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা এই উদ্যোগ সম্পর্কে বলেন, ফ্রেশ অনন্যার লক্ষ্য কেবল পণ্য সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য একটি পিরিয়ডবান্ধব ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা। তিনি আরও জানান, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাই এ বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা নারীদের মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
যেসব মাদ্রাসায় বর্তমানে এই সেবা চালু হয়েছে তার মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।





