জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের প্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক জাকির হোসেন প্রচলিত নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।





