শিল্পখাতে চলমান গ্যাসের তীব্র সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানিয়েছেন।
বৈঠক প্রসঙ্গে বিটিএমএ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছেন। এই খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা নতুন করে উৎসাহিত বোধ করছেন। তবে তিনি অভিযোগ করেন যে, সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের অভাবে শিল্পখাতে আজকের এই গ্যাস সংকট তৈরি হয়েছে।
শওকত আজিজ রাসেল আরও বলেন, বর্তমানে যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর কোথায় এবং কী পরিমাণ সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করার জন্য উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকারের যে মনোযোগ ও আন্তরিকতা দেখা যাচ্ছে, তা যদি গত ১৭ বছরে পাওয়া যেত, তবে শিল্পখাতকে আজকের এই দুরবস্থায় পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।





