ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে। এমন অস্থির পরিস্থিতিতে দীর্ঘ ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে নতুন একটি তেল শোধনাগার স্থাপনের পরিকল্পনা নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া। সরকারি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে জ্বালানি তেল সংগ্রহে ক্যানবেরাকে বেশ বেগ পেতে হচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়ার মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ায় মাত্র দুটি তেল শোধনাগার চালু রয়েছে। অথচ দুই দশক আগেও বা ২০০৪ সালে দেশটিতে আটটি সক্রিয় শোধনাগার ছিল। এছাড়া গত ৬০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় নতুন কোনো তেল শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, নতুন এই শোধনাগার স্থাপিত হলে তা অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় এবং আমদানিনির্ভরতা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





