সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু

প্রকাশ:

সিরিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। শনিবার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কের আল-সুখনাহ ও প্রাচীন শহর পালমিরার মধ্যবর্তী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় কবলিত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থার ওপর। এর ফলে দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দীর্ঘ সময় ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। গত বছরের অক্টোবর মাসে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ওই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন