বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদটি বর্তমানে শূন্য রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এই নির্বাচন আয়োজন করা হবে। তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করবেন। ইসি বর্তমানে দ্রুত ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করার কাজ করছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচন পদ্ধতি অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আদলে হবে। শনিবার (২৫ জুলাই) সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের কার্যক্রম বন্ধ থাকলেও, পরবর্তী রোববার বা তার পরবর্তী সময়ে বৈঠক করে তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।





