জনগণের পালস বুঝতে সরকার ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

প্রকাশ:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দেওয়া হয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অনীহা প্রমাণ করে যে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়। ভালো নেতা ও নীতির সমন্বয় ছাড়া দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন বাস্তবায়ন করা অসম্ভব। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, কারো নাম সাদা মিয়া রাখলেই যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উশৃঙ্খলতা ও ধোঁকাবাজি করা হলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি ও অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করলে তা ইসলামকে কলঙ্কিত করে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

শেয়ার করুন