প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার আগামী শুক্রবার দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। তবে বৃহস্পতিবার সেই সূচি পরিবর্তন করা হয়। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করবেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সুযোগ থাকলে শুক্রবারই প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। স্পিকারের দেশে ফেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।





