সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া এই তিন শিশুর বয়স ১০ মাসের নিচে। তাদের নাম কামরুল, কৃষ্ণা ও নিহাদ। এই নতুন প্রাণহানিসহ সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ হাম পজিটিভ হিসেবে শনাক্ত না হলেও, এই সময়ের মধ্যে হামের লক্ষণ ও সন্দেহ নিয়ে ৬৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট ৫৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে।




