না ফেরার দেশে ক্রিকেটের মহানায়ক স্যার গ্যারি সোবার্স

প্রকাশ:

বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড (গ্যারি) সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যার মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার মৃত্যুতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক্সে এক শোকবার্তায় লিখেছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’

১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সোবার্সের। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে তিনি রূপ দিয়েছিলেন অপরাজিত ৩৬৫ রানের এক মহাকাব্যে। দীর্ঘ ৩৬ বছর ধরে এটিই ছিল টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯৩টি টেস্ট খেলে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেছেন তিনি, সেই সাথে ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫টি উইকেট। টেস্টে ৫ হাজার বা তার বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় তার ব্যাটিং গড় এখনো চতুর্থ সর্বোচ্চ। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৮ হাজার রান ও ১,০০০ এর বেশি উইকেট।

সোবার্সের বহুমুখী প্রতিভার প্রশংসা করে প্রয়াত কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক ও ধারাভাষ্যকার রিচি বেনো লিখেছিলেন, ‘সোবার্স ছিলেন বিশ্বের দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি একাধারে দুর্দান্ত ব্যাটসম্যান, অসাধারণ ফিল্ডার এবং নতুন বলের পেস থেকে শুরু করে লেফট-আর্ম স্পিন- সব ধরনের বোলিংয়েই ছিলেন সমান পারদর্শী।’

১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ৬টি ছক্কা হাঁকানোর বিরল কীর্তি গড়েছিলেন তিনি। ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে আইসিসি তাদের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে এই মহানায়কের স্মরণে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ প্রদান করে সম্মানিত করে থাকে।

শেয়ার করুন