কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মর্জিনা আক্তার উপজেলার বানুরকুটি এলাকার সাবেক ইউপি সদস্য আতোয়ার হোসেন মোল্লার মেয়ে।
অভিযানকালে পুলিশ তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করে। জব্দ করা মাদক ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মর্জিনা দীর্ঘ দিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহনে আসা ট্রাকচালক ও শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। অতীতে তাকে গ্রেপ্তারের একাধিক চেষ্টা চালানো হলেও তিনি কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন। সর্বশেষ স্থানীয় সচেতন জনগণের সহায়তায় শুক্রবার বিকেলে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করছেন। গ্রেপ্তারকৃত মর্জিনা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।




