১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সহিংসতায় ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, সাবেক সচিবও তালিকায়

প্রকাশ:

গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে। একইসঙ্গে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খতিয়ে দেখছেন। এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনের সময় এই ব্যক্তিরা মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন। তাদের আর্থিক সংশ্লিষ্টতার প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ব্যাংক হিসাব জব্দের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এছাড়াও গোপালগঞ্জের পাঁচটি উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা এই তালিকায় অন্তর্ভুক্ত। এদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ভাইস-চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।

তালিকায় আরও আছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা। উল্লেখ্য, রিফাতুল আলম মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে। মো. কাবির মিয়া ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং কামরুজ্জামান ভূঁইয়া লুটুলও ২০২৫ সালে গ্রেপ্তার হন।

এদিকে, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জুলাই আন্দোলনের সময়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট — কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (শুল্ক গোয়েন্দা) — যৌথভাবে এসব ব্যাংক হিসাব যাচাইয়ের কাজ করছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব ব্যক্তির কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএসের তথ্য মিলিয়ে দেখার কাজ করছে। তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা দলের একজন সদস্য জানিয়েছেন, তাদের কাছে প্রাথমিক গোয়েন্দা তথ্য রয়েছে যে এই ব্যক্তিরা মাঠের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এবং অর্থ দিয়ে সক্রিয় রয়েছেন। তাই তাদের লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যাংক হিসাব ও এমএফএস যেমন বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য হিসাব জব্দ করা হয়েছে।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানে সড়ক অবরোধ থেকে শুরু করে বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের পাশাপাশি থানা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে সরকার অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে।

শেয়ার করুন