ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণের লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। সভার আলোচ্যসূচিতে মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পাঁচ ধাপে হতে যাওয়া ইউপি নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারের কার্যপদ্ধতি।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ ভোট পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচনের ক্ষেত্রে সদর উপজেলা এবং এর পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট হতে পারে বলে জানা গেছে।





