কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আনুষ্ঠানিক প্রবেশ ও বহির্গমন পয়েন্টের (Entry and Exit Points) তালিকায় নতুন দুটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে অন্তর্ভুক্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানীর জারি করা ২০২৬ সালের ৪০ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০২৩ সালে কার্যকর হওয়া পুরোনো তালিকাটি (Decision No. 37 of 2023) সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
তালিকায় যুক্ত নতুন পয়েন্ট দুটি হলো—সামুদ্রিক রুটের ক্ষেত্রে উম্মুল হাউল বেস পোর্ট (Umm Al Houl Base Port) এবং আকাশপথের রুটের ক্ষেত্রে দুখানের বিমানঘাঁটি বিমানবন্দর (Dukhan Air Base Airport)। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে এই সিদ্ধান্তটি সরকারি গেজেটের ২১তম সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং গতকাল ৯ নভেম্বর ২০২৬ থেকে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। পুরনো অন্যান্য স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলোর কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি, সেগুলো আগের মতোই বহাল থাকবে।
এই ঘোষণা নিয়ে জনসাধারণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করতে মন্ত্রণালয় থেকে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই পদক্ষেপটি কেবল নির্দিষ্ট দুটি স্থাপনার প্রাতিষ্ঠানিক ও আইনি মর্যাদা নির্ধারণের জন্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ বাণিজ্যিক যাত্রীদের জন্য দুখান বিমানঘাঁটি থেকে নিয়মিত বিমান চলাচল কিংবা উম্মুল হাউল বেস পোর্ট থেকে যাত্রী সাধারণের জন্য কোনো ফেরি সার্ভিস বা সামুদ্রিক পরিবহন ব্যবস্থা চালু হওয়ার কোনো সুযোগ নেই। মূলত সংশ্লিষ্ট আইনি কাঠামোর অধীনে আনুষ্ঠানিক প্রবেশ-বহির্গমন প্রক্রিয়ার আইনি ভিত্তি শক্তিশালী করাই এই ঘোষণার মূল লক্ষ্য।





