২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

প্রকাশ:

অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতিসহ নানা ধরনের সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ এই সময়ের মধ্যে সংস্থাগুলোর বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়। মন্ত্রী তার লিখিত জবাবে জানান, বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ার পরই সংশ্লিষ্ট এনজিওগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়ন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বৈদেশিক অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ভঙ্গ এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার বিষয়টিকেও নিবন্ধন বাতিলের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম তদারকি ও সমন্বয় করে আসছে। সরকারি নীতিমালা ও বিধিবিধান মেনে এসব সংস্থা নতুন নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদাননির্ভর প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এই সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এনজিওগুলোর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দূরীকরণ, মানসম্মত শিক্ষা বিস্তার, জনস্বাস্থ্য সুরক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এনজিওগুলো কাজ করছে। তবে উন্নয়নের আড়ালে কোনো সংস্থা বেআইনি কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার নীতি অব্যাহত থাকবে বলেও মন্ত্রী সংসদে স্পষ্ট করেছেন।

শেয়ার করুন