ট্রাম্পের আরোপিত অবৈধ শুল্কের ৮১০০ কোটি ডলার ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত আমদানিশুল্ককে অবৈধ ঘোষণা করায় বিপাকে পড়েছে মার্কিন প্রশাসন। আদালত এই অতিরিক্ত শুল্কের বড় একটি অংশ বাতিল করে দেওয়ার ফলে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে শত শত কোটি ডলার ফেরত দিতে বাধ্য হচ্ছে সরকার। সোমবার প্রকাশিত মার্কিন বাজেট সংক্রান্ত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

চলতি ২০২৫ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন সরকার শুল্ক ফেরত বাবদ ৮১০০ কোটি ডলার পরিশোধ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ফেরতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি, কারণ গত বছর একই সময়ে মাত্র ৫০০ কোটি ডলার ফেরত দেওয়া হয়েছিল। মার্কিন ট্রেজারি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, মে এবং জুন মাসে এই অর্থ ফেরতের প্রক্রিয়াটি মূলত সম্পন্ন হয়েছে এবং এর পেছনে প্রধান কারণ সুপ্রিম কোর্টের ওই রায়।

ট্রাম্প তার অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে আমদানিকৃত পণ্যের ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, এই পদক্ষেপের ফলে মার্কিন কলকারখানাগুলো দেশে ফিরে আসবে, বাণিজ্য চুক্তিগুলোর উন্নতি হবে এবং ফেডারেল বাজেটের ঘাটতি হ্রাস পাবে। তবে বাস্তবতা ভিন্ন রূপ নিয়েছে। গত বছর শুল্ক থেকে আয় বাড়লেও বর্তমানে বাজেট ঘাটতি আবার বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মার্কিন বাজেট ঘাটতি ২ শতাংশ বেড়ে ১.৩৬৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ১৪ শতাংশ বেড়ে ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সামরিক ব্যয় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে কার্যকর থাকা সাময়িক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যেই হোয়াইট হাউজ নতুন করে আরও শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত শিল্প সক্ষমতার অজুহাত এবং জোরাজুরি করে কাজ করানো প্রতিরোধ সংক্রান্ত আইনের শিথিল প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন