সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, শেখ হাসিনার বিষয়ে যা কিছু করণীয়, তা আইনসম্মতভাবেই সম্পন্ন করা হবে। তিনি কোনো আবেগ নয়, বরং আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি।
ভারত সরকারের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি পুরোপুরি ভারত সরকারের বিষয়। এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় এরই মধ্যে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে। ভারত সরকার তাকে হস্তান্তর করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাখা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্র ও আদালতের কাছে তিনি একজন সাজাপ্রাপ্ত অপরাধী। তিনি বলেন, আমার রাষ্ট্রের কাছে উন্মুক্ত আদালতে তার বিচার হয়েছে, যেখানে ন্যায়বিচারের কোনো ঘাটতি রাখা হয়নি।
বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ নিহত হয়েছেন এবং ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। বিচার চলাকালে ক্যামেরা ট্রায়াল বা সাক্ষীর অনুপস্থিতি—এসবের সুযোগ ছিল না। ভারত তাকে কীভাবে দেখছে সেটি তাদের নিজস্ব বিষয় হলেও, বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থায় তিনি একজন অপরাধী হিসেবেই গণ্য হবেন বলে মন্ত্রী পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে।





