২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপিময় রাজপথ, নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালিটি শুরু হয়। র‍্যালি শুরুর পূর্বে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে দলীয় কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন।

এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে। নয়াপল্টন থেকে শুরু হওয়া এই র‍্যালি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‍্যালির শৃঙ্খলা রক্ষায় বিএনপি স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করেছে, অন্যদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কেবল রাজধানী নয়, শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়েও র‍্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি ঘিরে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিএনপি। সড়কে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন দলের স্বেচ্ছাসেবকেরা।

শেয়ার করুন