সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো প্রাথমিকভাবে পুলিশের বলে শনাক্ত করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে যে জুলাই আন্দোলনের সময় সে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল। তবে কোন নির্দিষ্ট থানা বা ফাঁড়ি থেকে সে এসব অস্ত্র সংগ্রহ করেছে কিংবা গুলিগুলো পাওয়ার প্রকৃত উৎস কী, সে বিষয়ে সে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে। তার অসংলগ্ন কথায় ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।





