রিয়াল মাদ্রিদ অধ্যায় কি তবে শেষ হতে চলেছে ভিনিসিয়াস জুনিয়রের? ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই জল্পনার কেন্দ্রে রয়েছেন স্বয়ং ভিনিসিয়াস নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে স্প্যানিশ ক্লাবটির সাথে সংশ্লিষ্ট প্রায় সব তথ্য ও পরিচয় সরিয়ে ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড। এই পরিবর্তনের পর থেকেই ফুটবল বিশ্বে তার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিংবা ভিনিসিয়াস—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি এখনো জল্পনা-কল্পনার পর্যায়েই রয়ে গেছে। কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল যে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে বেতন কাঠামো এবং চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো পুরোপুরি সমঝোতা হয়নি। সব মিলিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে করা এই পরিবর্তন ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে ফুটবল সমর্থক ও সংশ্লিষ্ট মহল।



