দেশের প্রায় ৮০০ পেশাদার আলোকচিত্রীর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত ‘পিপিবি এক্সপো ২০২৬’-এ গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর আমির হামজা সাগর। গত ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব বাংলাদেশ (পিপিবি)’ প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সাগরের অর্জন ফটোগ্রাফি অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে মোট ১৪টি ক্যাটাগরিতে প্রায় সাড়ে তিন হাজার ছবি জমা পড়েছিল। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের মাধ্যমে মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান অর্জনের পাশাপাশি, সব বিভাগের প্রতিযোগীদের মধ্যে সাগরের তোলা ছবিটিই সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়। এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড উইনার’ খেতাবে ভূষিত করা হয়।
এই প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনসন উই, নিক প্যাক্রেডিস ও কেদাজি। তাদের পাশাপাশি দেশের বেশ কয়েকজন জ্যেষ্ঠ আলোকচিত্রীও বিচারক হিসেবে প্যানেলে যুক্ত ছিলেন। বিচারকদের এই প্যানেলের স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের ও পরম অনুপ্রেরণার বলে জানিয়েছেন আমির হামজা সাগর। এই অর্জন তার ভবিষ্যৎ কর্মজীবনে ভালো কাজ করার আত্মবিশ্বাস জোগাবে বলে তিনি মনে করেন।
পাবনার ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে আমির হামজা সাগর দীর্ঘ নয় বছর ধরে ওয়েডিং ফটোগ্রাফি পেশায় যুক্ত আছেন। বর্তমানে একটি প্রতিষ্ঠানে সিনিয়র ফটোগ্রাফার হিসেবে কর্মরত সাগর ডিপ্লোমা সম্পন্ন করার পর প্রচলিত পেশার পরিবর্তে নিজের আগ্রহের জায়গা থেকে ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের নান্দনিক মুহূর্তগুলো ক্যামেরায় ফুটিয়ে তুলতে গিয়েই তিনি ধীরে ধীরে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এবং আজকের এই অবস্থানে পৌঁছেছেন।





